রাঙামাটির পর্যটন এলাকা সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের আপাতত সেখানে ভ্রমণে যেতে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২০টির বেশি রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি পুড়ে গেছে। ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের পর সেখান থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় লোকজন ও সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানায়, গতকাল দুপুরে রুইলুইপাড়ার হেডম্যান লাল থাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি নামের একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।
