চাহিদা বাড়ায় শুক্রবার ও শনিবারও চলবে তেল সরবরাহ কার্যক্রম
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে সরকারি ছুটির দিনেও বিপিসির প্রধান স্থাপনা ও তেল ডিপো খোলা রাখা হবে। এর ফলে শুক্রবার ও শনিবারও নিয়মিত জ্বালানি তেল সরবরাহ চলবে।
বৃহস্পতিবার বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহব্যবস্থা সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা খোলা রেখে তেল সরবরাহ চালু রাখা হবে।
বিপিসি জানিয়েছে, বিদেশ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এই তেল প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন ডিপোতে পাঠানো হয়। পরে সেখান থেকে ফিলিং স্টেশনসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর ফলে দেশের অনেক ফিলিং স্টেশনে ভিড় বেড়ে যায় এবং স্বাভাবিকের তুলনায় তেলের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
এই পরিস্থিতিতে এর আগে বিপিসি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির ওপর নির্দিষ্ট সীমা বেঁধে দেয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের জন্য দৈনিক তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করা হয়।
বিপিসির কর্মকর্তারা মনে করছেন, ছুটির দিনেও ডিপো খোলা থাকলে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ আরও দ্রুত হবে। এতে ফিলিং স্টেশনগুলোর ওপর চাপ কমবে এবং দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে সুবিধা হবে।
বিপিসির সচিব শাহিনা সুলতানা জানিয়েছেন, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুক্রবার ও শনিবারও ডিপো খোলা থাকবে।
