May 7, 2026
image (86)

উত্তরাঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু করার আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এই ঘোষণা প্রদান করে। একই সাথে দক্ষ বৈমানিক তৈরির জন্য এখানে একটি আধুনিক ফ্লাইং একাডেমি এবং বাংলাদেশ বিমানবাহিনীর একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ বিমানঘাঁটি স্থাপন করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বগুড়াকে গড়ে তোলা হচ্ছে। এখানে প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে দক্ষ পাইলট তৈরি করা হবে, যা দেশের এভিয়েশন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে।

প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে বিদ্যমান রানওয়েকে ১০ হাজার ৫০০ বর্গফুটে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিমানবন্দরে শুধুমাত্র যাত্রীসেবাই নয়, বরং বিশেষ কার্গো সুবিধা রাখা হবে। এর ফলে বগুড়া ও আশপাশের অঞ্চলের কৃষকদের উৎপাদিত সবজি এবং স্থানীয়ভাবে তৈরি কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশল শিল্পপণ্য সরাসরি বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এটি উত্তরাঞ্চলের অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধিদলের সফরকালে আরও জানানো হয় যে, বর্তমান বিমানবন্দর এলাকাটি বর্তমানে বিমানবাহিনীর প্রশিক্ষণ স্কুল হিসেবে ব্যবহৃত হলেও, খুব শীঘ্রই এটিকে উত্তরবঙ্গের প্রধান অত্যাধুনিক বিমানঘাঁটিতে রূপান্তরিত করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিশেষ অনুশাসনের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে।

পরিদর্শনকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া হবে দেশের অন্যতম প্রধান বিমান যোগাযোগ ও বাণিজ্যিক হাব, যা সামগ্রিকভাবে জাতীয় জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শুরু করার জন্য সরকার বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *