June 17, 2026
indian_border

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ নদীপথে একটি নৌকায় করে ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে পাঠানোর উদ্যোগ নেয়। নৌকাটি শূন্যরেখার কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা প্রদান করেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

উল্লেখ্য, এর আগেও গত ৩ জুন রাতে একই উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছিল। সে সময়ও বিজিবির তৎপরতায় পরিকল্পনাটি ব্যর্থ হয়। পরবর্তীতে দুই দিন নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নেয়। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *