মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার দ্রুত চালু করা, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি তুলে ধরেছেন। উভয় নেতা শ্রমিক নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হয়েছেন, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।
তারেক রহমান জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বাংলাদেশ–মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে সরকার কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে।
রোহিঙ্গা সংকট, আঞ্চলিক সহযোগিতা এবং আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ বৈঠক বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী হবে।
