July 9, 2026
image (3)

বিজ্ঞানশিক্ষা, মহাকাশবিষয়ক জ্ঞানচর্চা এবং শিক্ষামূলক পর্যটন সম্প্রসারণের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে নভোথিয়েটার নির্মাণের সরকারি উদ্যোগ বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিয়েছে। বরিশাল ও রংপুরে প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ দুই দফা বাড়ানো হলেও এখনো কাজ শেষ হয়নি। অন্যদিকে, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার কারণে খুলনার নভোথিয়েটার নির্মাণ প্রকল্প শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল ও রংপুরে অবকাঠামো নির্মাণের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হলেও ডোম, টেলিস্কোপ, ডিজিটাল প্রজেকশনসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রোমেকানিক্যাল সরঞ্জাম এখনো স্থাপন করা হয়নি। এসব সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হবে। বৈশ্বিক সরবরাহব্যবস্থার অনিশ্চয়তা ও মূল্যবৃদ্ধির কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে।

বরিশাল প্রকল্পের ব্যয় ৪১২ কোটি টাকা থেকে বেড়ে ৪৬০ কোটি টাকায় এবং রংপুর প্রকল্পের ব্যয় ৪১৮ কোটি টাকা থেকে ৪৪৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশা প্রকাশ করলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে খুলনায় এক যুগের বেশি সময় ধরে স্থান নির্বাচন ও জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে প্রকল্প অনুমোদন পেলেও স্থানীয় আপত্তির কারণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্পটি বাতিল করেছে। ফলে ওই অঞ্চলের বিজ্ঞান শিক্ষা ও শিক্ষামূলক পর্যটন বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আপাতত থেমে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *