নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনে জাপানপ্রবাসী এক পরিবারের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা-সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরমান (৪০) জানান, তিনি স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে ফেনী থেকে একটি মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা হন। সেখান থেকে তাঁদের জাপানে যাওয়ার কথা ছিল।
তাঁদের অভিযোগ, মেঘনা টোল প্লাজার কাছে পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল লেজার লাইটের সংকেত দিয়ে মাইক্রোবাসটি থামায়। পরে চাপাতি, ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা গাড়ির জানালার কাচ ও সাইড মিরর ভাঙচুর করে যাত্রীদের মারধর করে। একপর্যায়ে ডাকাতরা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
