August 10, 2026
EB 2

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছয় মাস বয়সী ফারিস্তা নূরের একসঙ্গে ডেঙ্গু ও হামের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে বাড়তি জটিলতা এড়াতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিউমোনিয়ার চিকিৎসা শেষে ২৫জুলাই বাড়ি ফেরার কয়েক দিন পর শিশুটির জ্বর শুরু হয়। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। শরীরে র‍্যাশ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় এবং হামের একাধিক লক্ষণও পাওয়া যায়। হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে হামের রোগী কিছুটা কমছে। ফারিস্তা একই সঙ্গে দুটি রোগে আক্রান্ত হওয়ায় তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ১৫০ জন ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাগ্রস্ত রয়েছে ২ হাজার ১৩১ জন শিশু। মে, জুন ও জুলাইয়ে ডেঙ্গু রোগী ভর্তি হয় যথাক্রমে ১০, ২৫ ও ৪৯ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর দেশে হামে মোট ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৬৭২ জন ভর্তি হয়েছে এবং মারা গিয়েছে দুজন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *