রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা তাঁর রিট মঙ্গলবার হাইকোর্ট সরাসরি খারিজ করেন। এর এক দিন পরই ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।
ইউনুছ আলী আকন্দ জানান, হাইকোর্টের আদেশ বাতিলের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে।
নির্বাচন কমিশন গত ৬ অগাস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ অগাস্ট) ভোট গ্রহণের কথা রয়েছে। ভোটের এক দিন আগে তফসিল স্থগিত চেয়ে আবেদনটি করা হল।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। এ অনুচ্ছেদ নিয়ে ইউনুছ আলী আকন্দ এর আগেও রিট করেছিলেন।
