চট্টগ্রাম নগরের যানজট নিরসনে এই মুহূর্তে ২৫–৩০ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল বা মনোরেল নির্মাণের পরিবর্তে প্রায় ২,৫০০–৩,০০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাসব্যবস্থা, বাস রুট পুনর্বিন্যাস এবং বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর সুপারিশ করা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খসড়া ট্রাফিক ও পরিবহন মহাপরিকল্পনায়। ২০২৫–২০৫০ মেয়াদের এই পরিকল্পনায় মেট্রোরেলের জন্য প্রয়োজনীয় যাত্রীচাহিদা না থাকা, বিপুল নির্মাণব্যয়, সম্ভাব্য উচ্চ ভাড়া এবং বিদ্যমান সড়ক অবকাঠামোর কারিগরি সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। পরিকল্পনায় একটি সমন্বিত বাস কোম্পানি গঠন করে প্রায় ৭০০টি আধুনিক বাস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে নগরে প্রায় ১,১০০ বাস চলাচল করলেও বেশির ভাগই মানসম্মত নয় এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি রয়েছে। নতুন বাস চালুর পাশাপাশি পুরোনো ও লক্কড়ঝক্কড় বাস সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা, পথচারীবান্ধব অবকাঠামো এবং নৌ ও রেল যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে মেট্রোরেলের প্রয়োজনীয়তা চূড়ান্তভাবে নির্ধারণের আগে প্রাক্-সম্ভাব্যতা যাচাই জরিপ করা হবে। খসড়া মহাপরিকল্পনাটি বর্তমানে ৬০ দিনের জন্য জনমত, আপত্তি ও পরামর্শের জন্য উন্মুক্ত রয়েছে।
