রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১০টা ২২ মিনিটে তিনি স্মৃতিসৌধে পৌঁছে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় স্যালুট দেয়। বিউগলে করুণ সুর বাজানোর সময় রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে সকাল ১০টা ৩৭ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
