September 5, 2026
WhatsApp Image 2026-09-04 at 12.19.29 PM

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দেশের সব মন্দির, পূজামণ্ডপ ও শোভাযাত্রাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় র‌্যাবের মুখপাত্র এবং লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে। এই ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে পালন নিশ্চিত করার জন্য র‌্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যেক ব্যাটালিয়ন কর্তৃক নিরাপত্তা হুমকি পর্যালোচনাপূর্বক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, অন্যান্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে উক্ত সংগঠনগুলোর অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং প্রয়োজন অনুযায়ী রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শোভাযাত্রার সামনে-পেছনে, ডানে-বামে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হবে।

এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যেমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড ইত্যাদি চিহ্নিত করার লক্ষ্যে চলমান সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে।

এদিকে আজ শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে কয়েকটি বিশেষ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে পুলিশের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।

শোভাযাত্রার নির্ধারিত পথ হলো শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।

ডিএমপির নির্দেশনা

১. শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. অংশগ্রহণে ইচ্ছুকদের শুরুতেই শোভাযাত্রায় মিলিত হতে হবে। কোনো ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৬. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

শোভাযাত্রা চলাকালীন নগরবাসীদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। জন্মাষ্টমীর শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *