লালমনিরহাটের পাটগ্রামে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির করা মামলায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সাঈম ও মতি রহমান এবং নীলফামারীর ডিমলা উপজেলার শাহাদাত হোসেন ও দুলাল মিয়া রয়েছেন। বিজিবির অভিযোগ, বাউরা বাজার থেকে জব্দ করা ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম ছাড়িয়ে নিতে তারা কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে প্রবেশ করে সদস্যদের সঙ্গে বিতণ্ডায় জড়ান, ধাক্কাধাক্কি ও হুমকি দেন। পরে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির এক হাবিলদার বাদী হয়ে সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত এবং ক্ষতিসাধনের হুমকির অভিযোগে পাটগ্রাম থানায় মামলা করেন। বুধবার আদালতের মাধ্যমে ছয়জনকে কারাগারে পাঠানো হয়। বিজিবি জানিয়েছে, অভিযানে ড্রেজার মেশিন, তেলের ড্রাম, পাইপ, অটোভ্যান, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
