মাগুরার শ্রীপুর উপজেলায় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই মজুত করে রাখা ২৮৮ বস্তা রাসায়নিক সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর ইউনিয়নের টিকারবিলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে মো. জামিরুল ইসলামের দোকানে তল্লাশি চালিয়ে একটি গোপন কক্ষ থেকে এসব সার উদ্ধার করা হয়। অভিযানে সংশ্লিষ্টরা জানান, জামিরুল ইসলামের সার ব্যবসার বৈধ ডিলারশিপ বা খুচরা বিক্রির অনুমোদন ছিল না এবং তিনি মজুত করা সারের বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে সার মজুতের দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। উদ্ধার করা সার আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, সারসহ কৃষি উপকরণের অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের ভোগান্তি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
