ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদের দোসর এবং বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়, যেখানে ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ সুসংহত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অপার সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
