September 18, 2026
WhatsApp Image 2026-09-18 at 11.29.29 AM

ঢাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঝটিকা মিছিল এখন পুলিশ কর্মকর্তারা আতঙ্কে রয়েছেন। কারণ ঊর্ধ্বতনরা বলছেন, কোনো এলাকায় ঝটিকা মিছিল হলে তার দায় ডিসি-ওসিকে নিতে হবে। এরমধ্যে ব্যবস্থা নেওয়াও শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসবি প্রধানসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এদিকে ‘শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’-এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন ঝটিকা মিছিল করলে তার দায় ঐ থানার ওসি ও এলাকার ডিসিকে নিতে হবে। কমিশনারের এই বক্তব্যের পর গুলশানে ঝটিকা মিছিল হওয়ায় ঢাকার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। যদিও সংযুক্তির আদেশে সরাসরি বিষয়টি উল্লেখ করা হয়নি।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ধরপাকড় ও কড়া নজরদারির পরেও ঠেকানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অপতত্পরতা। সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ নিয়ে একাধিক মিটিং করেছেন। তারপরও ভালো ফল পাওয়া যাচ্ছে না। ফলে নতুন করে ধরপাকড় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এই মুহূর্তে শক্তভাবে বিষয়টি তারা দেখতে চান।

কয়েক দিন হলো ঢাকায় পুলিশের চেকপোস্ট ও টহল বাড়ানো হয়। এর আগে নিরাপত্তা জোরদার-সংক্রান্ত নির্দেশনা পুলিশের মাঠ প্রশাসনের কাছে গেছে। থাকছে বিশেষ নজরদারি। পুলিশ, ডিবি, সিটিটিসিসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা নিরাপত্তায় থাকছেন। তারপরও এই ধরনের হুটহাট মিছিলের ঘটনা ভালোভাবে দেখছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো মিছিল হলেই পুলিশের ঊর্ধ্বতনদের কাছে মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হচ্ছে, কেন ঠেকানো যাচ্ছে না এসব মিছিল?

পুলিশের মধ্যম সারির একজন কর্মকর্তা বলেন, ‘এই ধরনের মিছিল চাইলেই ওসির পক্ষে ঠেকানো সম্ভব না। কারণ কয়েকজন মানুষ একত্রিত হয়ে একটি মিছিল করলে সেটা ঠেকানো যায় না। এর জন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক না। আওয়ামী লীগের আমলেও বিএনপি ও জামায়াত অনেক মিছিল করেছে। কিন্তু তার জন্য কোনো ওসি বা ডিসিকে সাসপেন্ড করা হয়নি। এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হলে পুলিশের মনোবল আরো কমবে।’

এসবি প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল :পুলিশের শীর্ষ ও গুরুত্বপূর্ণ রেঞ্জ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। এর মধ্যে বিশেষ শাখা (এসবি), পুলিশ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ একাডেমি, ট্যুরিস্ট পুলিশ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ঢাকা ও খুলনা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে নেতৃত্বে পরিবর্তন এসেছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।

রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পুলিশের গোয়েন্দা ইউনিট এসবিতে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে এসবির প্রধান করা হয়েছে। এতদিন এসবির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করা সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা রেঞ্জের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। আর পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। ফলে দেশের দুই গুরুত্বপূর্ণ রেঞ্জের নেতৃত্বে একই আদেশে পরিবর্তন এলো।

অন্যদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নতুন পরিচালক করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল এবং সারদার প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। এসবির ডিআইজি মীর আশরাফ আলী পেয়েছেন রেলওয়ে পুলিশের দায়িত্ব। আর মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে পরিবর্তনের কারণ হিসেবে শুধু ‘জনস্বার্থে’ আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *