September 21, 2026
WhatsApp Image 2026-09-20 at 10.53.59 AM

ঢাকাবাসীর ঘুম ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি। কখনো কম, কখনো ঝরছে অঝোরে। শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা। কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় থেমে থেমে এই বৃষ্টিপাত। এতে সকালের কর্মব্যস্ত মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন নিচু এলাকার রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে। পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজারের সামনে, মৌচাক মোড়ে, মগবাজার সেঞ্চুরি মোড়ে, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এসব রাস্তায় কোথাও হাঁটু পানি। পানি মাড়িয়ে স্কুল, কলেজ ও কর্মস্থলে যেতে দেখা গেছে মানুষকে।

গতকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।

আবহাওয়া অফিসের একটি সূত্র বলছে, এই লঘুচাপ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে এটি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এসব জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি , কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন তাপপ্রবাহ বয়ে যায়। মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে,রবিবারও দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *