শিশুদের সৃজনশীল ভবিষ্যতের স্বপ্ন বলতে “ড্রীমস্কেপ” শিরোনামে দেশ বরেণ্য চিত্র শিল্পীদের সমন্বয়ে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ আটিস্ট গ্রুপ ও বাংলারুট ফাউন্ডেশন। ২৪ অক্টোবর শনিবার দিনব্যাপী হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের অনুপ্রাণীত করতে বরেণ্য চিত্রশিল্পী স্কুলের বিভিন্ন অংশে ছবি আঁকেন।
বরেণ্য শিল্পীদের মধ্যে ছবি আঁকায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনিস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সহযোগী অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক হায়দারী আন্দালুসিয়া, ভাটিয়ারি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন নাহার আশা, শিল্পী রাজন নন্দী, মোহাম্মদ আরিফুজ্জামান চৌধুরী, পলাশ সরকার, অরুপ বড়ুয়া ও বাংলাদেশ আটিস্ট গ্রুপের সভাপতি সাইফুল ইসলাম।
কর্মসূচির শুরুতে স্কুল প্রাঙ্গণে শিল্পী ও অতিথিদের অভ্যার্থনা জানান স্কুলের প্রধান শিক্ষক মোছাম্মদ সাইমুননেছা ও বাংলারুট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মির্জা সুলতানা রাজিয়া।
দিনব্যাপী ড্রিমস্কেপ এর চিত্রকর্ম অংকন, প্রদর্শন ও তারই ধারাবাহিকতায় উপস্থিত ছাত্র-ছাত্রী শিক্ষক ও তরুণ প্রজন্মকে শিল্পের প্রতি সহতানুভুতিশীল ও অনুরক্ত করতে আয়োজনস্থলে বর্ণিল চিত্রকর্ম প্রদর্শনের উদ্যোগটি সকলের প্রশংসাধন্য হয় এবং অতিথি ও শিল্পীবৃন্দ অনুরূপ আর্টক্যাম্প আয়োজনের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ড্রিমস্কেপ এর এ আয়োজনে অধ্যাপক মোঃ
জসিম উদ্দিন বলেন, মানুষ নিয়ত তার দৃষ্টি সীমানাকে প্রসারিত করলে যে বর্র্ণিল আলো দেখতে পায় তাতে ছড়িয়ে রয়েছে প্রকৃতির বহুমাত্রিক রং ও রূপ। আগ্রহী শিল্পী সত্বা সবসময় চারপাশের আলো থেকে তার প্রিয় রং খুঁজে নিয়ে নানাভাবে সৃষ্টি কর্মের মধ্যে দিয়ে আগামী স্বপ্ন ও কাঙ্ক্ষিত পৃথিবী বিনির্মাণ করেন। আমাদের শিল্পীদের দায়িত্ব শিশু কিশোরদের মনে সে রঙের আবেশ ছড়িয়ে দিয়ে তাদের শিল্প ও জীবন ঘনিষ্ঠ হিসেবে গড়ে তোলা।
অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী বলেন, আমাদের আগামী প্রজন্মকে শিল্পবান্ধব ও সৃজন ধর্মী হিসেবে গড়ে তোলার জন্য শিল্পীদের উদ্যোগে দেশের নানা প্রান্তে বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অনুরূপ আর্টক্যাম্প/আর্ট ফেস্টিবেল আয়োজন অত্যাবশ্যক।
বাংলারুড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মির্জা সুলতানা রাজিয়া বলেন, শিশুদের মেধা ও মননন বিকাশে শিল্পীদের ভূমিকার জন্য চিত্রশিল্পীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
