এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এমনই নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৫ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। ফর্ম পূরণ চলবে ৯ নভেম্বর পর্যন্ত এবং ফি জমার শেষ তারিখ ১০ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর শুরু হবে পরীক্ষা। নির্ধারিত ফি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্রে ১২৫ টাকা, ব্যবহারিক প্রতি পত্রে ২৫ টাকা এবং পরীক্ষাকেন্দ্র ফি ৪৫০ টাকা দিতে হবে।
উল্লেখ্য, ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লক্ষ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে এক বিষয়ে ২ লক্ষ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লক্ষ ২৪ হাজার ৮৬৫ জন অকৃতকার্য হয়েছেন।
