উৎসবের আমেজে মেতে উঠেছে মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রাম। শত বছরের বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী লাঠিখেলা ও মেলার এবার বসেছে ১০৬তম আসর। গতকাল শুক্রবার দুপুরে ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনের পর তিনি নিজেও লাঠিয়ালদের সঙ্গে লাঠিখেলায় অংশ নেন। সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয় বিচারগানের আসর।
আয়োজকেরা জানান, ডুমুরশিয়ায় লাঠিখেলার প্রচলন শুরু হয় এক শতাব্দীরও বেশি আগে। স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন সরদার ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়ি ও তালুকদারের কাছারিতে লাঠিখেলা ও শারীরিক কসরতের আয়োজন করতেন। তাঁর মৃত্যুর পর ছেলে চিকিৎসক মোকররম হোসেন বাবার স্মৃতি ধরে রাখতে এ আয়োজন চালু রাখেন। পরে পরিবারের পরবর্তী প্রজন্ম ও স্থানীয় মাতব্বরদের উদ্যোগে এটি বার্ষিক উৎসবে রূপ নেয়। একপর্যায়ে আয়োজনের দায়িত্ব নেয় ডুমুরশিয়া বাজার বণিক সমিতি।
স্থানীয়দের মতে, ১৯১৩ সালের পর থেকে নিয়মিত এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৮ সাল থেকে লাঠিখেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান যুক্ত হয় এবং মেলার পরিসর বেড়ে দুই দিন হয়। বর্তমানে লাঠিখেলার পাশাপাশি বিচারগান ও পালাগানও দর্শকদের অন্যতম আকর্ষণ।
