November 15, 2026
EB 2

শিশু নিহত হওয়ার ঘটনায় ফেরির মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা চাঁদপুর–শরীয়তপুর নৌপথে সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টার পর থেকে এ পথে যানবাহন পারাপার স্বাভাবিক হতে শুরু করে। ধর্মঘটের কারণে দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে হরিণাঘাট থেকে ‘কাকলি’ নামের একটি ফেরি নরসিংহপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে শরীয়তপুরের ভেদরগঞ্জের বেড়াচাক্কি এলাকায় বালুভর্তি একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ শিশু আহত হয়। তাদের মধ্যে ১১ বছর বয়সী তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় পুলিশ ফেরির মাস্টার মোশারফ হোসেনসহ চারজনের বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর মামলা করে। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর প্রতিবাদে আজ ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন মাস্টার ও কর্মীরা। পরে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে চারটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *