রাজধানী ঢাকার মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল। বুধবার সকাল ৯টা নাগাদ মিরপুর ১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এই হামলা হয়। ঘটনায় দু’জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মিরপুর ১৪ নম্বরের দিক থেকে লাঠি ও ইটপাটকেল নিয়ে প্রায় ১০০-১৫০ জনের একটি দল এসে ভবনে হামলা চালায়। প্রথমে ইটপাটকেল ছোড়া হয়, পরে ভবনের নিচতলার কাচের গেট ভাঙচুর করা হয়। আতঙ্কে ভবনের নিচে থাকা ব্যাংকের কর্মীরাও ভিতরে আশ্রয় নেন। প্রায় ৫-১০ মিনিট ধরে ভাঙচুর চালিয়ে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।
পুলিশের প্রাথমিক দাবি, পোশাক কারখানার শ্রমিকদের দুই পক্ষের বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। এক পক্ষ কাজে যোগ দিতে চাইলেও অন্য পক্ষ তার বিরোধিতা করে। পরে দুই পক্ষের সংঘর্ষের জেরে এই হামলা ও ভাঙচুর হয়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানিয়েছেন, ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
