বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সমুদ্র। খারাপ আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে দ্বীপে আটকে পড়েছেন প্রায় ১ হাজার ৪৯৮ জন পর্যটক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জানা গিয়েছে, গত মঙ্গলবার ও বুধবার চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিনে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে কোনও জাহাজ দ্বীপের উদ্দেশে রওনা দেয়নি। একইভাবে পর্যটকদের ফিরিয়ে আনার জন্যও জাহাজ চলাচল বন্ধ রয়েছে। যাঁরা জাহাজের টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, দ্বীপে সকাল থেকেই আকাশ মেঘলা এবং সমুদ্র উত্তাল। আটকে থাকা পর্যটকেরা দ্বীপের বিভিন্ন হোটেল, রিসর্ট ও কটেজে রয়েছেন। তাঁদের খোঁজখবর রাখছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। আপাতত পর্যটকেরা স্বাভাবিকভাবেই রয়েছেন।
জাহাজমালিকদের সংগঠন বাংলাদেশ সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, সমুদ্রের পরিস্থিতির উপর নির্ভর করেই জাহাজ চলাচল শুরু হবে। ঘূর্ণিঝড়ের প্রভাব শনিবার পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাহাজমালিকেরা।
