গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভিতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও থানার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।
এছাড়া এদিন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামের পেতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেয় বিক্ষুব্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন নেতাকর্মীরা।
