November 20, 2026
EB 1

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ জন্য প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডকে (এফডিইই) সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

বিবিএর অভিযোগ, চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এক্সপ্রেসওয়ের টোল আদায় ও পরিচালনা-রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত রয়েছে।

এ বিষয়ে গত ১৮ নভেম্বর এফডিইইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠায় বিবিএ। চিঠিতে তিনটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিএর চিঠিতে বলা হয়েছে, শ্যানডং হাইস্পিডের অনুমোদিত কাজের মধ্যে সরাসরি টোল আদায় ও এক্সপ্রেসওয়ে পরিচালনার বিষয়টি নেই। প্রতিষ্ঠানটি ছয় বছরের জন্য শাখা অফিস পরিচালনার অনুমতি পেলেও সেই অনুমোদন ছিল মূলত প্রকৌশল নকশা, পরামর্শ ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত কাজে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিসের ঠিকানা নিয়েও প্রশ্ন তুলেছে বিবিএ। নথিতে উত্তর বাড্ডার রহমান ম্যানশনের ঠিকানা দেওয়া হলেও সেখানে প্রতিষ্ঠানটির অফিস পাওয়া যায়নি। বরং কুড়িলের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিং থেকে কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গিয়েছে। ভবনটি ব্যবহারে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চেয়েছে কর্তৃপক্ষ।

তৃতীয় অভিযোগটি বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধি ও ট্রেড লাইসেন্স নিয়ে। বিবিএর দাবি, বাংলাদেশ ব্যাংককে নির্ধারিত সময়ে অবহিত করার নিয়ম মানা হয়নি। পাশাপাশি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়নের আবেদন জমা দেওয়া হয়নি।

এদিকে এক্সপ্রেসওয়েতে প্রকৃত যানবাহনের সংখ্যা কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগও উঠেছে। এ অভিযোগ যাচাই করতে ২২টি টোল লেনে লোক নিয়োগ করে হাতে-কলমে গাড়ি গণনার উদ্যোগ নিয়েছে বিবিএ। এ জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্প। এর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এফডিইইর।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে এফডিইইকে চিঠি দিয়েছিল বিবিএ। জবাবে এফডিইই জানিয়েছিল, শ্যানডং হাইস্পিডকে এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়নি। তবে শ্যানডং হাইস্পিডের আগের একটি চিঠিতে নিজেদের এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছিল।

বিবিএর প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং যানবাহনের প্রকৃত সংখ্যা যাচাইয়ে সরাসরি গণনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *