আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত ৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলাটিতে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে। একই সঙ্গে দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী সাতটি জেলায় দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন মোতায়েন রয়েছে। এসব সদস্য জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন।
