November 25, 2026
EB 1

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। একই সময়ে ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও বিক্ষোভ শুরু হয়। এ ছাড়া ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, সালনা, ভবানীপুর ও শ্রীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

শ্রমিকদের অভিযোগ, বর্তমান বাজারদরের তুলনায় তাঁদের বেতন অনেক কম। বাড়িভাড়া, খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তাই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার রাতে নিম্নতম মজুরি বোর্ড নতুন করে তা ১৭ হাজার টাকা নির্ধারণ করে, যা আগের তুলনায় ৩৬ শতাংশ বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের কথা রয়েছে। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *