November 27, 2026
EB 1

দেশে হামের প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের মধ্যে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, মৃত সাতজনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মৃতের সংখ্যা ৫৬৬। সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০২ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৭০, চট্টগ্রামে ১৯৬, সিলেটে ১৭০, বরিশালে ১৪৪, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭২, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৯ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৪৮২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ২৬ হাজার ৪৪০ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ২ লক্ষ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছে। তাঁদের মধ্যে ২৬ হাজার ৫৫৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *