এজেন্সি: বছরের শেষ প্রান্তে এসে আবারও বাড়তে যাচ্ছে ভোজ্যতেলের দাম। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিটিটিসি জানায়, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম সমন্বয়ের এ প্রস্তাব দেওয়া হয়েছে।
বিটিটিসির তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে এরপর আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থিরতা ও ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় বেড়ে যায়।
