ঈদের মুখে বড়সড় দুর্ঘটনা বগুড়া -তে। ঢাকাগামী যাত্রীবাহী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের একাধিক জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে আদমদীঘি উপজেলার শান্তাহার জংশনের কাছে বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার জেরে ঢাকা -র সঙ্গে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
শান্তাহার রেলস্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে রেললাইনের ত্রুটির কথা সামনে আসছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে, তবে কখন পরিষেবা স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে, ঈদের ভিড়ের মধ্যে এমন দুর্ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
