February 21, 2026
sona

দেশের বাজারে আজ সোনার দাম বেড়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ফলে আজ ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৩ হাজার ২৬৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ শনিবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। যদিও মূল কারণ হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।

ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ১০১ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম পড়ছে ২ লাখ ১১ হাজার ৭৫৯ টাকা। এ ছাড়া সনাতনী পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৮ টাকা।

জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। এ পর্যন্ত দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলারের নিচে নেমে আসলে দুই দফা সোনার দাম কমানো হয়। দুই দিনে সোনার দাম কমে ভরিপ্রতি ৫ হাজার ৪৮১ টাকা। কিন্তু গতকাল শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ১২৯ ডলার বেড়েছে। ফলে সোনার দাম আবার ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে।

দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে সোনার দাম ওঠানামা করছে। ফলে গত এক মাসে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ৬৯ ডলার। যদিও গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৪০ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *