গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে সকাল থেকে ধীরগতিতে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ-১ আসনে প্রায় ৩৩ শতাংশ, গোপালগঞ্জ-২ আসনে ৩০ শতাংশ এবং গোপালগঞ্জ-৩ আসনে ৩১ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে।
সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও ৯টার পর ধীরে ধীরে ভোটার বাড়তে থাকে। টুঙ্গিপাড়ায় প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছিল মাত্র ৩ থেকে ৫ শতাংশ। তবে সময় গড়ানোর সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়।
কোটালীপাড়া উপজেলায় দুপুরের দিকে মোটামুটি উপস্থিতি লক্ষ্য করা গেছে। উমাচরণ পূর্ণচন্দ্র উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ। তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয়ে প্রায় ৪২ শতাংশ এবং দীঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৪৫ শতাংশ।
ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন না থাকলেও নিয়মিত ভোটার আসতে দেখা গেছে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। ভোটারদের দাবি, কোনো চাপ ছাড়াই তারা নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দিচ্ছেন।
