এজেন্সি: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে গরমের অনুভূতি কিছুটা তীব্র হতে পারে। তবে দুপুরের পর হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৫ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। একই সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
