বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ আপসের শর্তে এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আদেশ দেন।
দুপুরে নোবেলকে আদালতে হাজির করা হলে বিচারক মামলার বাদীর কাছে আপসের বিষয়ে জানতে চান। বাদী সম্মতি দিলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই জামিন মঞ্জুর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতে এক তরুণী নোবেলের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশেপুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী, তাঁর মা ও এক সহকারী।
অভিযোগে বলা হয়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন নোবেল। পরে সেই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ।
এর আগে অন্য এক মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। সাম্প্রতিক এই ঘটনায় জামিন পেলেও মামলার কার্যক্রম চলবে বলে আদালত সূত্রে জানা গেছে।
