March 20, 2026
image (7)

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীতে দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজধানীর আকাশ বেশ খানিকটা সময় মেঘলা থাকতে পারে। রোদের সম্ভাবনাও আছে কিছু সময়। তবে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের দিনেও রাজধানীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মার্চের মাঝামাঝি সময়ের পর দেশে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। এবারও তাই হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায় রাজধানীতে। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আজ রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরে। এ ছাড়া কুড়িগ্রামেও বৃষ্টি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এখানে বৃষ্টির পরিমাণ ২৭ মিলিমিটার।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপরেও বৃষ্টি হয়েছে। তবে তার পরিমাণ কতটুকু, তা পরে জানা যাবে।

ঝড়বৃষ্টির এই রেশ আগামীকাল শনিবারও থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আগামীকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ের বৃষ্টির যেমন বৈশিষ্ট্য অর্থাৎ হঠাৎ মেঘ হয়ে বৃষ্টি আবার কিছুক্ষণ পর তা চলে যাওয়া—এমনটাই হতে পারে। দীর্ঘস্থায়ী হবে না।কাজী জেবুন্নেছা বলেন, আগামীকাল রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। দীর্ঘস্থায়ী বৃষ্টি হবে না। আবার বিকেলের দিকেও ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *