সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ১২ জন যোগ দিলেন বিএনপিতে। এই নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি দাবি উঠেছে। বিএনপির দাবি, যোগদানকারীরা আগে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে জামায়াত বলছে, তাঁদের কেউই দলের কর্মী ছিলেন না।
গতকাল শুক্রবার পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামানের হাতে ফুলের মালা দিয়ে ১২ জন বিএনপিতে যোগ দেন।
ইউনিয়ন বিএনপির নেতা মো. আমজাদুল ইসলাম আমজাদ বলেন, যোগদানকারীরা বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং গত জাতীয় নির্বাচনে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের পক্ষে কাজ করেছিলেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে হতাশ হয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে এ দাবি প্রত্যাখ্যান করে পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী বলেন, যোগদানকারীদের কেউই জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন না। তাঁদের মধ্যে কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, আবার কেউ বিএনপির পক্ষেও কাজ করেছেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, পদ্মপুকুরে জামায়াতের জনসমর্থনে প্রভাব ফেলতেই বিএনপি এ প্রচারণা চালাচ্ছে।
অন্যদিকে, যোগদানকারীদের কয়েকজন জামায়াতের সঙ্গে তাঁদের পূর্বসম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। কামাল হোসেন ও আবদুল আজিজ দাবি করেন, তাঁরা আগে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। তবে দলের কর্মকাণ্ডে হতাশ হয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন।
