বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও প্রায় ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
প্রশ্নোত্তর টেবিলে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ প্রশ্ন রেখে বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো ট্রেন চলাচল করছে কি না, করলে তার সংখ্যা কত এবং নতুন ট্রেন চালু করা হবে কিনা?
জবাবে মন্ত্রি শেখ রবিউল আলম বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল করছে। রহনপুর, দর্শনা, বেনাপোল ইন্টারচেঞ্জ স্টেশন দিয়ে পণ্যবাহী ভারতীয় গুডস ট্রেন গ্রহণ ও খালি রেক প্রেরণ করা হচ্ছে। প্রতি মাসে গড়ে প্রায় ৪৩টি পণ্যবাহী ট্রেন গ্রহণ ও ৪২টি খালি রেক প্রেরণ করা হচ্ছে। বর্তমানে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করছে না। যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়া, রাজশাহী-কলকাতা-রাজশাহী রুটে একটি যাত্রীবাহী ট্রেন পরিচালনার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে।
