বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে করা প্রতারণার মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ জামিনের এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এক তরুণী মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেল সহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন মাইনুল আহসানের স্ত্রী, তাঁর মা নাজমা হোসেন ও তাঁর সহকারী মুনেম শাহ সৌমিক।
মামলার অভিযোগে বলা হয়, এক নারীর (বাদী) সঙ্গে আসামি নোবেল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল তাঁর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। অন্য আসামিরা নোবেলকে সহযোগিতা করেন।
এর আগে ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হন নোবেল। পরে মামলার বাদীকে কারাগারে বসে বিয়ে করার পাঁচ দিনের মাথায় ২৪ জুন জামিন পান তিনি।
