ঘরের মাঠে বাংলাদেশ দল বরাবরই শক্তিশালী। বিশেষ করে ওয়ানডেতে যেকোনো দলের বিপক্ষেই লড়াই করার ক্ষমতা রাখে টাইগাররা। তাই আসন্ন ওয়ানডে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।
আজ মিরপুরে তিনি বলেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে সুযোগ দিয়েছে পাকিস্তান। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। সাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহ খেলেছে। গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছে। আমার মনে হয় তাদের জন্য মানিয়ে নেয়া সহজ হবে কারণ তারা এই মাঠে এবং পিচে খেলেছে এবং কন্ডিশন সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেট খেলবে।’
মুস্তাফিজুর রহমানকে নিয়ে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি ব্যাটাররা মুস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।’
