May 20, 2026
image (3)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়া সরকারের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই সরকার দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি জানান, ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে, যাতে মানুষকে আর অযথা অফিসে অফিসে ঘুরতে না হয়।
তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির পরিমাণ কমে যাওয়ায় জমিজমা নিয়ে বিরোধ, মামলা ও জটিলতা বেড়েছে। এ কারণে নির্ভুল ভূমি রেকর্ড সংরক্ষণ, আধুনিক জরিপ কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
তারেক রহমান আরও বলেন, অনলাইনভিত্তিক নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান গ্রহণ ও অভিযোগ নিষ্পত্তির মতো সেবা সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমাবে। একই সঙ্গে ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের আদালতগুলোতে ৪৭ লাখের বেশি মামলা বিচারাধীন, যার বড় একটি অংশ জমিজমাসংক্রান্ত। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা বা এডিআরের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভূমি শুধু সম্পদ নয়, মানুষের নিরাপত্তা ও ভবিষ্যতের ভিত্তি। তাই জনগণের দোরগোড়ায় সহজ ও আধুনিক ভূমিসেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *