May 20, 2026
image (38)

রাজধানীতে অপরাধ দমনে অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ বুধবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত তাঁর প্রথম ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কমিশনার বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা মহানগরের প্রায় তিন কোটি মানুষের নিরাপত্তা দিতে ডিএমপি বদ্ধপরিকর। বিশেষ করে ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে গত ১ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। প্রযুক্তিনির্ভর অপরাধ রুখতে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং এর ডিজিটাল ফরেনসিক ল্যাব ইতিমধ্যে আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে।

রাজধানীর অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআই (AI) ভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে মামলা দেওয়া হচ্ছে। এছাড়া নাগরিকদের সুবিধার্থে অনলাইন জিডি, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ এবং ‘হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম’ চালু রয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, শপিং মল এবং আবাসিক এলাকার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে বাস, ট্রেন ও লঞ্চঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে ডিবিসহ থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বড় অঙ্কের আর্থিক লেনদেনে প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।

একটি নিরাপদ ঢাকা গড়তে নগরবাসী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, কোনো পুলিশ সদস্যের দায়িত্ব অবহেলা বরদাশত করা হবে না। যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশ বা ৯৯৯ নম্বরে জানানোর জন্য তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *