পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ সম্পন্ন হলো। আজ সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন ৩৫ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪১-এ। আজকের এই সম্প্রসারণে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিকেলে নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকের পর নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে বলে জানা গেছে।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। এ ছাড়াও দুধকুমার মণ্ডল, দীপক বর্মণ, মনোজ ওঁরাও ও গৌরীশঙ্কর ঘোষ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। অন্যদিকে, স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ এবং মালতী রাভা রায়। প্রতিমন্ত্রী হিসেবে জোয়েল মুর্মু, অশোক দিন্দা, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী এবং গার্গী দাস ঘোষসহ মোট ১৯ জন বিধায়ক স্থান পেয়েছেন।
এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে ঐতিহাসিক জয় লাভ করে হিন্দুত্ববাদী বিজেপি। এর মাধ্যমে রাজ্যে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে, যা পূর্ব ভারতে বিজেপির জন্য একটি অন্যতম বড় রাজনৈতিক সাফল্য। গত সপ্তাহে নতুন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকের পরেই এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
