June 15, 2026
image (3)

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে আগাম অবহিত করার পরও জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়, যা বাংলাদেশ সরকার অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক হিসেবে দেখছে। বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান বলেন, দিল্লির ঘটনাটি অনভিপ্রেত এবং বাংলাদেশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট উইং বিষয়টি খতিয়ে দেখছে।

জানা গেছে, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রথমে ‘রহস্যজনক কারণ’ দেখিয়ে জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি মিললেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে সোমবার ঢাকায় ফিরে আসেন।

উল্লেখ্য, আজ থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। এই ঘটনার ফলে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *