কুড়িগ্রামে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির প্রভাবে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া ও চর বলদিয়া এবং নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, চর লুছনি ও ফান্দরচর এলাকা। স্থানীয়দের অভিযোগ, রোববার বিকেল থেকে দুধকুমারের পানি দ্রুত বাড়তে শুরু করলে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যায়। অনেক বসতবাড়ির চারপাশে পানি জমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে গবাদিপশুর খাদ্যসংকট নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে শুধু দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অন্য নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
এদিকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্লাবিত এলাকার মানুষের জন্য নগদ ২ লাখ টাকা এবং ১ হাজার ১০০ প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে জেলার প্রতিটি উপজেলার জন্য এক হাজার করে জিও ব্যাগ মজুত রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
