রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট আগামী ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ইউনিট চালুর মাধ্যমে দেশের বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনের মাধ্যমে এর উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন এবং ভবিষ্যৎ সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি জানান, সরকারের লক্ষ্য হলো নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা, যাতে উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্তের মানুষকে রাজধানীতে আসতে না হয়। বিশেষায়িত স্বাস্থ্যসেবা ধাপে ধাপে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, গত দুই মাস ধরে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশনের সমন্বয়ে কমিটি গঠন, পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংস, স্প্রে কার্যক্রম, পর্যাপ্ত স্যালাইন মজুত এবং চিকিৎসকদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁর দাবি, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
