ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার নিকটবর্তী রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, ভারী বৃষ্টির কারণে রেললাইনে পানি উঠে যাওয়ায় ট্রেন পরিচালনা সম্ভব হচ্ছে না। একই তথ্য নিশ্চিত করে রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বলেন, ষোলোশহর-জানালিহাট সেকশনের মধ্যবর্তী এলাকায় পানি না কমায় ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনেই আটকে পড়ে এবং কক্সবাজারে যেতে পারেনি।
এদিকে, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। পূর্ব ঘোষণা না থাকায় অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। যাত্রী আহাদ চৌধুরী জানান, বন্ধুদের নিয়ে ট্রেনে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন বাতিল হওয়ায় এখন বাসে করে গন্তব্যে যেতে হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৈকত এক্সপ্রেস চলাচল না করায় বিকেলের প্রবাল এক্সপ্রেসের যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেসের চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা কমে রেললাইন নিরাপদ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
