July 28, 2026
image (1)

দেশীয় গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়া এবং এলএনজি আমদানির সীমাবদ্ধতার কারণে শিল্পখাতে নতুন গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে পেট্রোবাংলাকে চিঠির মাধ্যমে জানিয়েছে যে, বর্তমান সরবরাহ পরিস্থিতিতে নতুন শিল্প-সংযোগ বিবেচনা করা সম্ভব নয়। কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটি বন্ধ থাকায় বর্তমানে আমদানি করা গ্যাসের সরবরাহও উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে বিদ্যুৎ, শিল্পসহ বিভিন্ন খাতে গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে।

সরকারি সূত্র জানায়, গত এক দশকে দেশীয় গ্যাস উৎপাদন দিনে ১০০ কোটি ঘনফুটের বেশি কমেছে। নতুন গ্যাসকূপ খনন করা হলেও উৎপাদন স্থিতিশীল রাখা যাচ্ছে না। একই সঙ্গে বিদ্যমান অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এলএনজি আমদানিও তাৎক্ষণিকভাবে বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে শিল্পে নতুন সংযোগ স্থগিত রেখে বিদ্যমান চাহিদা পূরণে গুরুত্ব দিচ্ছে সরকার।

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্ত সাময়িক। গ্যাস সরবরাহ বাড়াতে ভোলার গ্যাস ঢাকায় আনার উদ্যোগ, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানিসহ একাধিক বিকল্প নিয়ে কাজ চলছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে অগ্রাধিকার তালিকার ভিত্তিতে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে। যেসব আবেদনকারী ইতোমধ্যে অনুমোদন ও ডিমান্ড নোটের অর্থ জমা দিয়েছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *