July 30, 2026
image (2)

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ১৭৮ টাকা প্রদান করেছে। আগের অর্থবছরের তুলনায় এ রাজস্বের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা বা ৩৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি)-এর হাতে রাজস্বের চেক তুলে দেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে নগদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নগদকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিষ্ঠানটি নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ডিজিটাল আর্থিক সেবার বিকল্প নেই।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, নগদের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ায় ডাক বিভাগ আরও কার্যকর অংশীদারিত্বের সুযোগ খুঁজবে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, প্রতিষ্ঠার পর থেকে নগদ সরকারকে ৯৪৬ কোটি টাকা কর এবং ডাক বিভাগকে মোট ৪৭ কোটি টাকা রাজস্ব দিয়েছে।

নগদের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সময়ে সক্রিয় গ্রাহক সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে, যা দেশের ডিজিটাল আর্থিক সেবায় নগদের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *