ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দুর্বৃত্তদের গুলিতে অন্তর সরকার (২৮) নামের এক জুয়েলারি ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে সোনাভর্তি টিফিনক্যারিয়ার ছিনতাই করে দৃর্বৃত্তরা নিয়ে যায় বলে ব্যবসায়ীদের অভিযোগ। এতে অন্তত ৩০ ভরি স্বর্ণালঙ্কার ছিল বলে তারা জানায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হযরতপুর বাজারের পাশে চলন্ত সিএনজি অটোরিকশা থামিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত অবস্থায় অন্তর ও তার ফুপাতো ভাই রাজিবকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়, হযরতপুর বাজারে ‘ঋতু জুয়েলারি’ নামে তাদের একটি স্বর্ণের দোকান রয়েছে। দোকানটিতে নিতাই সরকার নিজে, তার ছেলে অন্তর এবং অন্তরের ফুপাতো ভাই রাজিব একসঙ্গে কাজ করেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সন্ধ্যায় তারা তিনজন একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হযরতপুর বাজার থেকে কিছুদূর যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাদের সিএনজি অটোরিকশার গতি রোধ করে।
দুর্বৃত্তরা অতর্কিতভাবে অন্তরকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার বাম পায়ে গুলি লাগে। এ সময় ত্রাস সৃষ্টি করতে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যার স্প্লিন্টারের আঘাতে রাজিবের পায়েও চোট লাগে। দুর্বৃত্তরা অন্তরের হাতে থাকা সোনাভর্তি টিফিনক্যারিয়ারটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। টিফিনক্যারিয়ারটিতে ২৫ থেকে ৩০ ভরির মতো স্বর্ণালঙ্কার ছিল বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবার জানিয়েছে। পেশাগত কারণে তারা প্রতিদিন এভাবেই টিফিনক্যারিয়ারে করে দোকান থেকে স্বর্ণালঙ্কার আনা-নেওয়া করতেন।
ঘটনার পর দ্রুত আহত অন্তর ও রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে জানান যে অন্তর ও রাজিব বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর এই ছিনতাই ও গুলির বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে।
