বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ। দুপুরের পর থেকে হালকা বৃষ্টি উপেক্ষা করে দলে দলে আন্দোলনকারীরা সেখানে সমবেত হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে এবং পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার এলাকা ছাড়িয়ে চাঁনখারপুল, দোয়েল চত্বর, জগন্নাথ হল মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার সংলগ্ন এলাকাতেও মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিচার ও জবাবদিহির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে কয়েকজন রিকশাচালককেও অংশ নিতে দেখা যায়।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহীদ মিনারের দিকে অগ্রসর হন। সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকেও একটি মিছিল শহীদ মিনারে যোগ দেয়।
সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং কয়েকজন মুক্তিযোদ্ধাকেও অংশ নিতে দেখা যায়। আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী সরকারের পদত্যাগ এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
অন্যদিকে, ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সমবেত হওয়া একদল সংগীতশিল্পী সংহতি প্রকাশ করে শহীদ মিনারে যোগ দেন। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান এবং আলোচিত তরুণ র্যাপার হান্নানের গ্রেপ্তারের সমালোচনা করেন।
